সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতনও সরকারের বিবেচনায় নেওয়ার দাবী

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  সরকারি চাকরিজীবীদের জন্য প্রণীত পে-স্কেল ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দেশের বেসরকারি খাতের বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামোও সরকারের নীতিগত বিবেচনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুর রহমান।


বিজ্ঞাপন

এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদন ও বিপণন ব্যবস্থার সঙ্গে বিক্রয় পেশাজীবীরা সরাসরি সম্পৃক্ত। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া, বাজার সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, যাতায়াত ব্যয় এবং পেশাগত দায়িত্বের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও অনেক ক্ষেত্রে বিক্রয় প্রতিনিধিদের বিদ্যমান বেতন কাঠামো সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় বিক্রয় পেশাজীবীদের জন্য একটি ন্যায্য, বাস্তবসম্মত ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।


বিজ্ঞাপন

মোঃ আরিফুর রহমান বলেন, সরকারি পে-স্কেল প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে যেভাবে জীবনযাত্রার ব্যয় ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করা হয়, একইভাবে বেসরকারি খাতের বিক্রয় প্রতিনিধিদের বেতন নির্ধারণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।


বিজ্ঞাপন

তিনি বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে একটি সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা প্রণয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের শ্রম, দায়িত্ব ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হলে এ পেশায় কর্মরত বিপুলসংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *