
আবদুল আউয়াল, (কোম্পানীগঞ্জ) : নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মির্জার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য ও ফেসবুক স্ট্যাটাসকে ‘মনগড়া, মিথ্যা ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন।

দায়িত্বশীল জায়গা থেকে তথ্য-প্রমাণ ছাড়া রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য কাদের মির্জার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে জামায়াত নেতা মাওলানা মোশাররফ হোসেন বলেন, “আমার বিরুদ্ধে মিলন হত্যার দায় চাপানোর অপচেষ্টা করা হচ্ছে, অথচ উক্ত মিলনকে আমি চিনিও না এবং তার সাথে আমার কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না।”

কাদের মির্জার বর্তমান অবস্থান ও বক্তব্যের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, জামায়াত কাউকেই তাড়িয়ে দেয়নি; যদি কাদের মির্জা নিজেকে এখনো বৈধ মেয়র মনে করেন, তবে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন কেন?

বিবৃতিতে জামায়াত আমীর অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন এবং দলের ভেতরে গ্রুপিং তৈরি করে নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন।
বিগত ১৮ বছর ধরে জামায়াতের শীর্ষ নেতারা ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, নেতাকর্মীরা অসংখ্য মিথ্যা মামলা ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের মিছিল-সমাবেশ করতে দেওয়া হয়নি। এত জুলুম-নির্যাতনের পরও জামায়াত সবসময় শালীনতা বজায় রেখে রাজনৈতিক আচরণ করেছে।
কাদের মির্জার সাম্প্রতিক গতিবিধি সম্পর্কে সতর্ক করে মাওলানা মোশাররফ হোসেন জানান, কাদের মির্জা বর্তমানে কার কার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন সে সম্পর্কিত সংরক্ষিত তথ্য-প্রমাণ ও কল রেকর্ড জামায়াতের কাছে রয়েছে। প্রয়োজন হলে এসব তথ্য-প্রমাণ যথাসময়ে জনসম্মুখে প্রকাশ করা হবে।
এলাকায় আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়ে জামায়াত আমীর বলেন, অসংলগ্ন বক্তব্যের মাধ্যমে যেন দলীয় নেতাকর্মীরা উত্তেজিত না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার কথা বিবেচনা করে কাদের মির্জাকে হিংসাত্মক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য পরিহার করে শান্ত ও শালীন ভাষায় বক্তব্য দেওয়ার অনুরোধ জানান তিনি।
