
রওশন বাবু লালমনিরহাট : লালমনিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ থেকে শখের বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল অবস্থায় পড়েছে। সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি অনেকটা মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলে ঝুঁকি বেড়েছে। ভাঙাচোরা সড়কের কারণে এসব যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় পথচারীরা জানান, সড়কটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে স্বাভাবিকভাবে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও এর সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা হলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি অনেকটাই কমবে।

এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে লালমনিরহাট পৌর কর্তৃপক্ষের কাছে সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কটিকে চলাচলের উপযোগী করে তুলবে।

বিজ্ঞাপন
