
মোঃ তুহিন, (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাঃ সাদিকুল ইসলাম।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সাদিকুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলাকে আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
নির্বাচিত হলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাদিকুল ইসলাম সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কথা উল্লেখ করে বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যেই তিনি জনপ্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন
নিজের পরিকল্পনা তুলে ধরে মোহাঃ সাদিকুল ইসলাম বলেন, “গোমস্তাপুর উপজেলার অবহেলিত এলাকার উন্নয়ন, সাধারণ ও মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।”
তিনি আরও বলেন, “উপজেলার প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরামর্শ এবং তরুণদের উদ্যমকে কাজে লাগিয়ে জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চাই। সবার সহযোগিতা পেলে একটি আধুনিক ও উন্নত গোমস্তাপুর গড়ে তোলার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রাখব।”
এ সময় তিনি উপজেলার মুরুব্বি, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
স্থানীয় পর্যায়ে তাঁর প্রার্থিতার আগ্রহ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা ও নির্বাচনী কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
