
রওশন (লালমনিরহাট) : লালমনিরহাটের খাতাপাড়া এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে দুটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে ২৯টি মামলায় মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন না থাকা, ট্রাকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার মতো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী মোট ২৯টি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ২১ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং প্রচলিত আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
