
নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) : মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটককৃত ২০ বাংলাদেশী নাগরিককে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুর ৪ টার সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত ২০ বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করে। এর আগে, গত ৫ নভেম্বর আনুমানিক ৪ টার সময় টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০ জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত এবং ২টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।

উক্ত জেলেরা মাছ ধরতে ধরতে একসময় ভূলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। এসময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়।
পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে আজ ২০ বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হলো।


ফেরত বাংলাদেশী নাগরিকগরা যথাক্রমে, টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মোঃ ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

বিজ্ঞাপন

পরবর্তীতে ফেরত বাংলাদেশী নাগরিককে নিকটতম আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে বিজিবি।
