
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ৪৯ প্রার্থীর মধ্যে সবচেয়ে প্রবীণ মুশফিকুর রহমান। গত জানুয়ারিতে তিনি ৮৬ বছরে পা দিয়েছেন। প্রবীণ এ প্রার্থী লড়ছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়) আসন থেকে।

মুশফিকুর রহমানের পক্ষ নিয়ে মাঠে নেমেছেন তাঁর স্বজনরা। ইতিমধ্যেই তাঁর হয়ে ভোট চাইছেন মেয়ে মেহনীভ রহমান মুনিয়া, মেয়ে জামাই আশফাক জামিল রহমান তাপস ও তাঁদের সন্তান তারিফ রহমান। অর্থাৎ ভোটের মাঠে একসঙ্গে তিন প্রজন্ম। তাদের অংশগ্রহন প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছে।
মঙ্গলবার মুশফিকুর রহমান কসবা উপজেলার কুটিতে নির্বাচনী জনসভা ও গণসংযেগে যোগ দেন। সেখানে তাঁর মেয়ে, জামাতা ও নাতিও উপস্থিত ছিলেন। তাঁরা মুশফিকুর রহমানের জন্য ভোট প্রার্থণা করেন।

নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে প্রবাস থেকে চলে আসা আখাউড়া পৌর এলাকার রাধানগরের মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রচারণার শুরু থেকেই মুশফিকুর রহমানের মেয়ে, জামাতা ও নাতি মাঠে কাজ করছেন। তারা সভা-সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি গণসংযেগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।’

