
প্রফেসৰ ড. শেখ আসিফ এস. মিজান৷ : যেকোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক কাঠামোর মূল চালিকাশক্তি হলো তার তৃণমূলের কর্মী বাহিনী। নেতৃত্বের উচ্চতা মাপা হয় কর্মীদের ত্যাগ, শ্রম এবং নিষ্ঠার পরিমাপে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ও গণমাধ্যমে একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে যে গভীর উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে, তা মূলত একটি মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে আসে—নেতৃত্বের সঙ্গে কর্মীর সম্পর্কটি ঠিক কেমন হওয়া উচিত? যখন সংবাদমাধ্যম ও হাজার হাজার চোখের সামনে কোনো দায়িত্বশীল পদের ব্যক্তির দ্বারা একজন মাঠপর্যায়ের কর্মীর প্রতি প্রকাশ্য ও অবমাননাকর শারীরিক আচরণের খবর বা ভিডিও প্রচারিত হয়, তখন তা কেবল রাজনৈতিক শিষ্টাচারকেই ক্ষুণ্ন করে না, বরং সুশাসন ও মানবাধিকারের মৌলিক নীতিকে গভীরভাবে আঘাত করে।

অপরাধবিজ্ঞান এবং সুশাসনের একজন গবেষক হিসেবে আমি মনে করি, এই ধরনের ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন আচরণ নয়; এটি মূলত ক্ষমতার মনস্তাত্ত্বিক রূপান্তরের এক ক্ষতিকর প্রকাশ। ফরাসি দার্শনিক মন্টেস্কু তাঁর বিখ্যাত ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থে ক্ষমতার ভারসাম্য এবং অপব্যবহার রোধের ওপর জোর দিয়ে বলেছিলেন, “যেকোনো মানুষের হাতে ক্ষমতা এলে সে তার অপব্যবহার করতে প্রবৃত হয় এবং যতক্ষণ না সে একটি সীমার মুখোমুখি হয়, ততক্ষণ তা চলতেই থাকে।” ক্ষমতার এই ভারসাম্যহীন ঔ্দ্ধত্য যখন নিজ দলের বা সমাজের সাধারণ মানুষের ওপর প্রতিফলিত হয়, তখন তা সুশাসনের ভিত নাড়িয়ে দেয়। একই সাথে অত্যন্ত যৌক্তিকভাবেই এই প্রশ্নটি সামনে আসে যে—প্রকাশ্যে, দিনের আলোয় ক্যামেরার সামনে যিনি একজন কর্মীর প্রতি এমন চরম সংক্ষুব্ধ ও অস্থির আচরণ করতে পারেন, তাঁর মতো ব্যক্তিত্বের হাতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব বা মন্ত্রীত্বের মতো সংবেদনশীল পদ কতটা নিরাপদ?
একটি রাজনৈতিক দল বা সরকার টিকিয়ে রাখার মূল কারিগর হলেন কর্মীরা। তাঁদের ঘাম, শ্রম এবং নিঃস্বার্থ ত্যাগের বিনিময়েই একেকজন নেতা জাতীয় পর্যায়ে অধিষ্ঠিত হন। কর্মীদের অবদানকে অস্বীকার করে বা তাঁদের আত্মসম্মানকে ভূলুণ্ঠিত করে কোনো নেতৃত্বই ইতিহাসে দীর্ঘস্থায়ী আসন লাভ করতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর প্রবল শক্তিশালী শাসকরাও যখন জনগণের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছেন, তাঁদের পতন ততোধিক দ্রুত ও অনিবার্য হয়েছে। সমকালীন বৈশ্বিক রাজনীতিতেও আমরা দেখেছি, জনবিচ্ছিন্নতা এবং অহংকার কীভাবে বড় বড় রাজনৈতিক সাম্রাজ্যের অবসান ঘটিয়েছে।
জাতীয় দৈনিকগুলোর সম্পাদকীয় এবং কলামগুলোতে আজ প্রায়শই সুশাসন ও মানবিক মূল্যবোধের অভাব নিয়ে আলোচনা হচ্ছে। সুশাসনের অন্যতম প্রধান স্তম্ভ হলো মানুষের মর্যাদা রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার (UDHR) ১ম অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, “সমস্ত মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে।” একজন সাধারণ কর্মীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, নাগরিক হিসেবে তাঁর আত্মসম্মান ও মর্যাদা সাংবিধানিক ও মানসিকভাবে সুরক্ষিত। নেতৃত্ব যখন সেই মর্যাদাবোধের প্রতি ন্যূনতম সম্মান দেখাতে ব্যর্থ হয়, তখন তা সুশাসনের চরম বিপর্যয় নির্দেশ করে।

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক দিক রয়েছে; এ ধরনের অশোভন ও নীতিবহির্ভূত আচরণের বিরুদ্ধে যদি কঠোর শাস্তিমূলক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তা সমগ্র তৃণমূল নেতাকর্মী এবং আমজনতার কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা (Negative Message) পৌঁছায়। এটি সমাজে এই ধারণাকেই প্রশ্রয় দেয় যে, ক্ষমতাবানরা আইনের ঊর্ধ্বে এবং সাধারণ মানুষের মর্যাদার কোনো মূল্য নেই। সুশাসন নিশ্চিত করতে হলে যেকোনো ক্ষমতার অপব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন
আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে ‘হিউম্যানাইজড লিডারশিপ’ বা মানবিক নেতৃত্ব একটি বহুল চর্চিত ধারণা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এবং চিন্তাবিদদের মতে, প্রকৃত নেতৃত্ব কোনো আধিপত্যের বিষয় নয়, এটি মূলত মানুষের সম্মান ও আস্থা অর্জনের একটি প্রক্রিয়া। মহাত্মা গান্ধীর একটি ঐতিহাসিক উক্তি এ প্রসঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক—”ক্ষমতা দুই প্রকার। একটি অর্জিত হয় শাস্তির ভয়ে, অন্যটি অর্জিত হয় ভালোবাসার শক্তিতে। ভালোবাসার ওপর ভিত্তি করে যে ক্ষমতা গড়ে ওঠে, তা ভয়ের চেয়ে হাজার গুণ বেশি স্থায়ী।”
ক্ষমতা কোনো চিরস্থায়ী সম্পত্তি নয়, এটি জনগণের পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র আমানত মাত্র। এই আমানতকে যারা ব্যক্তিগত আধিপত্য বা দম্ভ প্রকাশের মাধ্যম মনে করেন, তাঁরা মূলত নিজেদের পতনকেই ত্বরান্বিত করেন। আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক কর্মী বা সাধারণ জনগণ কোনো বর্গা দেওয়া ভূখণ্ডের বাসিন্দা নন। তাঁরাই রাষ্ট্রের এবং সংগঠনের প্রকৃত মালিক। নেতাদের মনে রাখা উচিত—কর্মীরাই নেতা তৈরি করেন, আর সেই নেতারাই যদি কর্মীদের অপমান করেন, তবে ইতিহাস কখনো তাঁদের ক্ষমা করে না।
একটি কল্যাণকামী রাষ্ট্র ও সুস্থ political culture বা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে ক্ষমতার দম্ভ পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা অপরিহার্য। সাধু সাবধান! সময় থাকতেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ক্ষমতার অহংকার ভুলে মানুষের মর্যাদা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করাই প্রকৃত দূরদর্শী নেতৃত্বের পরিচয়। (লেখক: প্রফেসৰ ড. শেখ আসিফ এস. মিজান অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ।)
