
মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান জনাব প্রফেসর মো. আহসান পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক জনাব প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার অধ্যক্ষ জনাব বাগ্ময়ী দত্ত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব কাজী আপন তিবরানি চৌধুরী এবং আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব ছায়েব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক হাজারী।

বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আহসান পারভেজ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার নির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক হাজারী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন, আধুনিক প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করাই শিক্ষার প্রকৃত লক্ষ্য।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের মধ্যে শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টির প্রত্যয় নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
