লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমনকে ঘিরে সাজ সাজ রব

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

লালমনিরহাট প্রতিনিধি   :  রাত পোহালেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক লালমনিরহাট সফরকে কেন্দ্র করে গোটা জেলায় বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তৈরি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা। লালমনিরহাট বিমানবন্দর থেকে শুরু করে জনসভাস্থল—পুরো জনপদ সাজানো হয়েছে বর্ণিল সাজে।


বিজ্ঞাপন

বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য চলাচলের পথগুলোতে চলছে শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ। শহরের কালেক্টরেট মাঠ থেকে মণ্ডলেরহাট পর্যন্ত প্রধান সড়কের দু’পাশে ঝুলছে রঙিন পতাকা ও ব্যানার। মিশন মোড় চত্বরে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকিত স্তম্ভ, যা রাতের লালমনিরহাটকে এক নতুন রূপ দিয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশ ও কাঠের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী নানা রূপ।

প্রধানমন্ত্রীর পথিমধ্যে অভ্যর্থনা জানাতে প্রস্তুত করা হয়েছে প্রায় ৭টি সাংস্কৃতিক স্পট। এর মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সংলগ্ন এলাকা, চিনিপাড়া এবং মহেন্দ্রনগর বাজার উল্লেখযোগ্য। এসকল পয়েন্টে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, লোকনৃত্য ও উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকেই তিনি সরাসরি যোগ দেবেন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশের প্রথম ‘অ্যারোজিনিয়াস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।


বিজ্ঞাপন

এরপর প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গোগুন্ডা এলাকার মণ্ডলেরহাট বাজার পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং খালে মাছ অবমুক্ত ও হাঁস ছাড়ার পর স্থানীয় এক বিশাল জনসভায় ভাষণ দেবেন।


বিজ্ঞাপন

সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে প্রধানমন্ত্রী অংশ নেবেন শহরের কালেক্টরেট মাঠের প্রধান আকর্ষণে। ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের অধীনে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চার সামাজিক অভিশাপের বিরুদ্ধে আয়োজিত শপথ গ্রহণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই সমাবেশে নিবন্ধিত প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন, যেখানে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

​দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দিনব্যাপী এই ব্যস্ত সরকারি ও সামাজিক কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

​সব মিলিয়ে, উন্নয়নের বার্তা ও সামাজিক পরিবর্তনের প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাটের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হতে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। এখন শুধু ঘড়ির কাঁটা পার হয়ে তাঁর পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় পুরো জেলাবাসী

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *