সোর্স পরিচয়ে ‘ফর্মা শহীদে’র চাঁদাবাজি ও মাদক কারবার, অধরায় অভিযোগের পাহাড়

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর বনানী এলাকায় যুবলীগ নেতা পরিচয়ধারী শহিদুল ইসলাম শহীদ ওরফে ‘ফর্মা শহীদ’-এর বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি, মাদক কারবারে সহায়তা, জব্দকৃত মাদক পুনরায় বিক্রিসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর দলীয় অবস্থান ও পুরোনো সখ্য বদলে নতুন মেরুকরণে যুক্ত হয়ে সে এলাকায় আধিপত্য বজায় রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিবাদকারীদের মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয় বলে স্থানীয়দের ভাষ্য।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বনানীর টিএন্ডটি মাঠসংলগ্ন গোডাউন বস্তি ঘিরে চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখন ফর্মা শহীদের হাতে। ক্ষমতার পালাবদলে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বস্তির ঘর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্বও সে পালন করছে বলে অভিযোগ রয়েছে।
পূর্বের শাসনামলে বনানীর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সক্রিয় থাকার অভিযোগ থাকলেও বর্তমানে পরিস্থিতি পাল্টে যাওয়ায় কৌশল বদলেছে সে। স্থানীয়দের দাবি, গোপনে যোগাযোগ ও আর্থিক লেনদেনের মাধ্যমে সে বিভিন্ন পক্ষের স্বার্থ রক্ষা করছে এবং রাজধানীতে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
কড়াইল বস্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পেছনেও ফর্মা শহীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযানের আগাম তথ্য মাদক কারবারিদের কাছে পৌঁছে দেয় সে এবং বিনিময়ে নিয়মিত সাপ্তাহিক মাসোহারা আদায় করে। আরও উদ্বেগজনক অভিযোগ হলো, অভিযানের সময় জব্দ হওয়া মাদকের একটি অংশ তার যোগসাজশে পুনরায় কারবারিদের হাতে ফিরে যায়।
উচ্চ আদালতের নির্দেশনা ও নিষেধাজ্ঞা অমান্য করে বনানী এলাকায় পুলিশ ও বিভিন্ন বাহিনীর অভিযানে সোর্স হিসেবে তার সরাসরি উপস্থিতির অভিযোগও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও পুলিশের হ্যান্ডকাফ বহনের মতো গুরুতর অভিযোগ শোনা গেলেও রহস্যজনক কারণে সে এখনো ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “সোর্স পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই নানা হয়রানি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়। গোডাউন বস্তি থেকে শুরু করে মাদকের লেনদেন—সবখানেই তার প্রভাবের কথা শোনা যায়।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শহিদুল ইসলাম শহীদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। সরাসরি তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, অস্ত্র বহন বা নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়। সোর্স বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে বা আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগের পাহাড় জমে থাকলেও দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফর্মা শহীদকে আইনের আওতায় আনা না হলে বনানী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *