‎অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

ইমন হুসাইন  :  বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ তসলিম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আর্থিক অনিয়ম, বিপুল অঙ্কের বিজ্ঞাপনী বিল বকেয়া থাকা এবং প্রতিষ্ঠানের পাওনা আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগে গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বিজ্ঞাপন

‎প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অব্যাহতিসংক্রান্ত আদেশ জারি করেন। আদেশটি ১৮ নভেম্বর থেকেই কার্যকর করা হয়েছে বলে অব্যাহতিপত্রে উল্লেখ রয়েছে।
‎
‎মোহনা টেলিভিশন লিমিটেডের জারি করা অব্যাহতিপত্রে বলা হয়, তসলিম চৌধুরী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ও পরবর্তী সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময়ে তিনি নিয়মবহির্ভূতভাবে নিজের মালিকানাধীন বা সংশ্লিষ্ট ড্রিম কাস্ট (Dream Cast) ও এডনস (Addons) নামের দুটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মাধ্যমে মোহনা টেলিভিশনসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন ব্যবসা পরিচালনা করেছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছে।
‎
‎অব্যাহতিপত্রে আরও উল্লেখ করা হয়, ড্রিম কাস্টের নামে মোহনা টেলিভিশন লিমিটেডের ৫ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা পাওনা রয়েছে। ওই পাওনা পরিশোধ না করেই সিইও পদে দায়িত্ব গ্রহণের পর এডনস নামের নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তাদের মতে, একজন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার এমন ব্যবসায়িক সংশ্লিষ্টতা চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
‎
‎প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকার বিজ্ঞাপনী বিল বকেয়া : অব্যাহতিপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, ২০১০ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মোহনা টেলিভিশনের প্রায় ২৪ কোটি ৪০ লাখ ৩২ হাজার ৫৩৮ টাকা ৭৪ পয়সা বিজ্ঞাপনী বিল বকেয়া রয়েছে।
‎
‎কর্তৃপক্ষের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকলেও তা আদায়ে তসলিম চৌধুরী কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি প্রতিষ্ঠানের পাওনা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁকে একাধিকবার পত্র দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলা হলেও তিনি যথাযথ পদক্ষেপ নেননি। বিষয়টি কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন না করে দীর্ঘদিন নীরব ভূমিকা পালন করেছেন বলেও অব্যাহতিপত্রে অভিযোগ করা হয়েছে।
‎
‎এতে আরও বলা হয়, সিইও পদে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের পাওনা আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় মোহনা টেলিভিশন আর্থিক সংকটের মুখে পড়েছে। এমনকি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং মার্কেটিং বিভাগের কার্যক্রম গতিশীল করার স্বার্থে তাঁকে সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎অব্যাহতির পর অফিসে অনুপস্থিত, পদত্যাগের গুঞ্জন :  এদিকে মোহনা টেলিভিশনের সদ্য সাবেক সিইও মোঃ তসলিম চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎প্রতিষ্ঠানটির একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অব্যাহতিসংক্রান্ত আদেশ জারির পর থেকে তসলিম চৌধুরী আর অফিসে উপস্থিত হননি। তিনি প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং পদ থেকেও পদত্যাগ করতে পারেন বলে কর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।
‎
‎সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে প্রায় ২৫ কোটি টাকার বকেয়া হিসাব ও আদায়ের বিষয়ে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এখনো তিনি হেড অব মার্কেটিং পদে দায়িত্বে থাকলে বিজ্ঞাপনী বিলের হিসাব, বকেয়া আদায় এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে তাঁকে জবাবদিহির আওতায় আনা হতে পারে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎
‎তদন্তের দাবি গণমাধ্যমসংশ্লিষ্টদের  : এ ঘটনায় গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। তাঁদের মতে, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হচ্ছে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি জনগণের সামনে তুলে ধরা। সেই গণমাধ্যম প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি নিজ প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের অর্থ বকেয়া, আর্থিক অনিয়ম এবং পদমর্যাদার অপব্যবহারের মতো অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।
‎
‎তাঁদের মতে, অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্‌ঘাটনে প্রতিষ্ঠানের আর্থিক নথিপত্র, বিজ্ঞাপনী লেনদেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং দীর্ঘদিনের বকেয়া বিলের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
‎
‎প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকার বকেয়া এবং নিজস্ব বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে তসলিম চৌধুরীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। একই সঙ্গে অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র প্রকাশের দাবি উঠেছে।

👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *