শরণখোলায় নদীতে ঝাঁপ দিয়ে পালালেন মাদক কারবারি, ১২৬ পিস ইয়াবা উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  : বাগেরহাটের শরণখোলায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর বলেশ্বর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান মাদক কারবারে অভিযুক্ত ইলিয়াস তালুকদার। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরণখোলা থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম খোন্তাকাটা এলাকায় বলেশ্বর নদীর তীরে ইয়াবা কেনাবেচার খবর পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ইলিয়াস তালুকদারকে একটি প্যাকেটসহ আটক করেন। তবে আটকের পর কৌশলে পরনের কাপড় খুলে রেখে নদীতে ঝাঁপ দেন তিনি। পরে অন্ধকারের সুযোগ নিয়ে সাঁতরে পালিয়ে যান।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা মাদক কারবারি ও তাঁর সহযোগীদের আটকে স্থানীয়দের সঙ্গে অবস্থান নেন।

খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইলিয়াসের সঙ্গে একটি মোটরসাইকেলসহ আরও কয়েকজন সহযোগী ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।


বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস তালুকদারের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাসহ প্রায় ১১টি মামলা রয়েছে। উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ইলিয়াস ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *