# ভুয়া এমবি # অসম্পূর্ণ কাজেই শতভাগ বিল # নিম্নমানের নির্মাণ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ # লক্ষ্মীপুর-নোয়াখালীর পুরোনো অভিযোগের পরও বহাল তবিয়তে দায়িত্ব পালন # এলজিআরডি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি #


বিশেষ সংবাদদাতা : সরকারি উন্নয়ন প্রকল্প কি ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের হাতিয়ার? কাজের মান যাচাইয়ের পরিবর্তে বিল ছাড়ের আগে নির্দিষ্ট হারে অর্থ আদায়ই কি হয়ে উঠেছে প্রকল্প বাস্তবায়নের অলিখিত নিয়ম? চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মালবিকা দেবনাথকে ঘিরে ওঠা একের পর এক অভিযোগে এমন প্রশ্নই সামনে এসেছে।
স্থানীয় ঠিকাদার, সেবাগ্রহীতা ও এলাকাবাসীর অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, পরিমাপ বই (এমবি) প্রস্তুত, বিল অনুমোদন এবং ফাইল নিষ্পত্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে কমিশন সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, ঠিকাদারদের কাছ থেকে ৩ শতাংশ কমিশন দাবি করা হয়, যার মধ্যে ১ শতাংশ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়। কমিশন না দিলে ফাইল আটকে রাখা, বিল ছাড়ে বিলম্ব এবং নানা প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হয় ঠিকাদারদের।

আরও উদ্বেগজনক বিষয় হলো, হাজীগঞ্জে ওঠা অভিযোগগুলো বিচ্ছিন্ন নয়। লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালেও কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে অসম্পূর্ণ কাজের বিপরীতে চূড়ান্ত বিল পরিশোধ, পরিত্যক্ত ভবন সংস্কারের নামে অর্থ উত্তোলন এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। অর্থাৎ একাধিক কর্মস্থলে একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি ঘটলেও কার্যকর জবাবদিহি নিশ্চিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন
অন্যদিকে মালবিকা দেবনাথের বিরুদ্ধেও কমিশন আদায়, ফাইল আটকে দর-কষাকষি, দাপ্তরিক অনিয়ম ও পূর্ববর্তী কর্মস্থলে বিতর্কের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে হাজীগঞ্জ এলজিইডিতে কথিত এই প্রভাববলয়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ঠিকাদার ও সাধারণ মানুষের মধ্যে। ৩ শতাংশ কমিশনের অভিযোগ, বিল ছাড়ে কথিত সিন্ডিকেটের নিয়ন্ত্রণ!
হাজীগঞ্জ এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল ও ফাইল অনুমোদনকে কেন্দ্র করে কমিশন বাণিজ্যের অভিযোগ : সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। স্থানীয় ঠিকাদারদের একাংশের দাবি, উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথ প্রকল্পের বিল ও ফাইল অনুমোদনের ক্ষেত্রে ৩ শতাংশ হারে কমিশন দাবি করেন। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ১ শতাংশ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়।
ঠিকাদারদের অভিযোগ, কথিত কমিশন দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ফাইল আটকে রাখা হয়। বিল অনুমোদনে অযৌক্তিক বিলম্বসহ নানা প্রশাসনিক জটিলতা তৈরি করা হয়। ফলে অনেক ঠিকাদার বাধ্য হয়ে কমিশনের অর্থ জোগাতে নির্মাণকাজের ব্যয় কমিয়ে দেন। এর সরাসরি প্রভাব পড়ে প্রকল্পের গুণগত মান ও স্থায়িত্বের ওপর। এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন না হলেও শতভাগ কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে ভুয়া পরিমাপ বই (এমবি) প্রস্তুত করা হয়। পরে সেই এমবির ভিত্তিতে সরকারি অর্থ উত্তোলনের ব্যবস্থা করা হয়।
অভিযোগকারীদের দাবি, মালবিকা দেবনাথের মাধ্যমে এসব এমবি প্রস্তুত করা হয় এবং উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম তাতে চূড়ান্ত স্বাক্ষর দেন। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা শুধু দাপ্তরিক অনিয়ম নয়, সরকারি অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্প তদারকির গুরুতর ব্যর্থতারও ইঙ্গিত বহন করে। প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি কোথায় ?
উপজেলা পরিষদের ভবন নির্মাণে ৮০ লাখ টাকা অগ্রিম বিলের অভিযোগ : হাজীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্পেও উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারকে ৮০ লাখ টাকা অগ্রিম বিল দেওয়া হয়েছে। অথচ অগ্রিম অর্থ পরিশোধের পর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি, চুক্তির শর্ত, আর্থিক বিধিবিধান এবং নির্মাণসামগ্রীর মান যাচাই না করে অর্থ পরিশোধ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তবে উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম অগ্রিম বিল পরিশোধের অভিযোগ অস্বীকার করেছেন।
সড়ক-কালভার্ট-বিদ্যালয় সংস্কারে নিম্নমানের কাজ !
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, কালভার্ট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার প্রকল্প নিয়েও অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশে উল্লেখিত পাথর, বালু, বিটুমিনসহ নির্মাণসামগ্রীর নির্ধারিত মান ও অনুপাত অনুসরণ না করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হচ্ছে।
কোথাও নিম্নমানের ইট, ইটের খোয়া ও রাবিশ ম্যাকাডাম ব্যবহারের অভিযোগ রয়েছে। কোথাও নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কের পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও সড়কের অংশবিশেষ ধসে পড়ছে।
প্রশ্ন উঠেছে, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা কীভাবে মান যাচাই করছেন? ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে সেই অর্থের বোঝা শেষ পর্যন্ত বহন করছেন সাধারণ করদাতারা। আর নিম্নমানের কাজের কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রামের মানুষ।
অফিসে অনিয়মিত উপস্থিতি, ব্যাকডেটে স্বাক্ষরের অভিযোগ : উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের দাপ্তরিক উপস্থিতি নিয়েও অভিযোগ করেছেন স্থানীয় সেবাগ্রহীতারা। তাঁদের দাবি, তিনি সপ্তাহে এক থেকে দুই দিন কার্যালয়ে উপস্থিত থাকেন।
পূর্ববর্তী তারিখে বা ব্যাকডেটে বিভিন্ন ফাইলে স্বাক্ষর করে চলে যান বলেও অভিযোগ রয়েছে। একজন উপজেলা প্রকৌশলীর দায়িত্ব কেবল ফাইলে স্বাক্ষর করা নয়; প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, মাঠপর্যায়ে কাজ তদারকি এবং জনগণের সেবা নিশ্চিত করাও তাঁর দায়িত্বের অংশ। অথচ দাপ্তরিক উপস্থিতি ও প্রকল্প তদারকি নিয়ে এমন অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব থাকার সুযোগ কোথায় ?
লক্ষ্মীপুরে অসম্পূর্ণ কাজ, অথচ চূড়ান্ত বিল প্রায় পুরোপুরি পরিশোধ ! হাজীগঞ্জে যোগদানের আগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ পরিশোধ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল।
আরআইডিপি প্রকল্পের আওতায় ২০২২ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কমলাপুর কালভার্ট পর্যন্ত ১ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ৯৩ লাখ ৯০ হাজার ৭০২ টাকা। পরবর্তীতে এলজিইডির স্মারক নম্বর ৪১.০২.০১৪৩.০০০.১৪.০০১.২৫ অনুযায়ী কাজী কামরুল ইসলামের স্বাক্ষরে তৃতীয় ও চূড়ান্ত বিল হিসেবে ৯৩ লাখ ৮৩ হাজার ৩৪৯ টাকা পরিশোধের জন্য পাঠানো হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সড়কটির প্যালাসাইডিং, কার্পেটিং ও ঢালাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। দুই পাশের এজিং সরে গিয়ে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষায় নুড়ি-পাথর সরে যাওয়ায় বিভিন্ন অংশ ধসে পড়ছে।
অভিযোগ রয়েছে, প্রায় ২০ লাখ টাকার কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করা হয়। এ ঘটনায় তৎকালীন নির্বাহী প্রকৌশলী একরামুল হক ও কাজী কামরুল ইসলামের যোগসাজশের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এলজিইডির বিধি অনুযায়ী এমবি ও বিল ছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-প্রকৌশলীর স্বাক্ষর বাধ্যতামূলক হলেও ওই নথিতে একক স্বাক্ষরের মাধ্যমে বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট উপ-প্রকৌশলী মো. বেলাল হোসেনের অভিযোগ, কাজ সরেজমিনে পরিদর্শন না করেই এমবি বই ও চূড়ান্ত বিলে স্বাক্ষর করতে কাজী কামরুল ইসলাম তাঁর ওপর চাপ প্রয়োগ করতেন। অধীনস্থ কর্মকর্তাদের স্বাক্ষর করতে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করা হতো বলেও তিনি দাবি করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তের ফলাফল, দায় নির্ধারণ এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা কী হয়েছিল, তা জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত ভবন সংস্কারের নামে ৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন ! কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, পুরোনো ভবন সংস্কারের নামে ৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিলন এন্টারপ্রাইজকে ২০২৪ সালের ৮ জুলাই কার্যাদেশ দেওয়া হয়।
একই বছরের ২০ আগস্ট চেকের মাধ্যমে পুরো অর্থ উত্তোলন করা হয়। কিন্তু সরেজমিনে দেখা যায়, নতুন ভবন নির্মাণের পর পুরোনো ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে সংস্কারকাজের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। ঠিকাদার মিলন হোসেনের দাবি, তিনি এ প্রকল্পের কাজ সম্পর্কে কিছুই জানতেন না।
তাঁর অভিযোগ, তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী তাঁকে ডেকে প্রতিষ্ঠানের একটি খালি চেকে স্বাক্ষর নেন। পরে ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়।
এ বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, ঠিকাদারের চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে ওই প্রকল্পে সংস্কারকাজ না করে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুলের নতুন অফিসের ডেকোরেশনের কিছু কাজ করানো হয়েছিল। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল এ দাবি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, নির্বাচিত হওয়ার পর তিনি মাত্র এক মাস অফিসে বসেছেন।
অন্য প্রকল্পের অর্থ দিয়ে অফিস ডেকোরেশন করা হয়েছে—এ বিষয়ে তিনি কিছু জানতেন না, কাউকে নির্দেশও দেননি। অর্থাৎ একই ঘটনায় ঠিকাদার, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক উপজেলা চেয়ারম্যানের বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য ও পাল্টাপাল্টি দাবি। সরকারি বরাদ্দের অর্থ কোন প্রক্রিয়ায় উত্তোলন হলো, কার নির্দেশে ব্যয় হলো এবং প্রকল্পের কাজ না করেই অর্থ ছাড় করা হলে তার দায় কার—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করায় ঘটনাটি তাঁর যোগদানের আগের। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া কোম্পানীগঞ্জের একটি ইউনি ব্লক সড়কের নিম্নমানের নির্মাণ ও অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী কামরুল ইসলামকে নোটিশ দিয়েছিলেন বলে জানা গেছে।
মালবিকা দেবনাথকে ঘিরে পুরোনো বিতর্ক, বদলি ও নতুন অভিযোগ : হাজীগঞ্জ এলজিইডিতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর মালবিকা দেবনাথ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ। ‘চলতি দায়িত্বে’ পদায়নের পর তাঁর প্রভাব আরও বেড়েছে বলেও দাবি অভিযোগকারীদের।
ঠিকাদারদের ফাইল আটকে দর-কষাকষি, কমিশন আদায়, দাপ্তরিক কাজে অনিয়ম এবং অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে হাজীগঞ্জে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ ওঠে। তৎকালীন উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি।
স্থানীয়দের ভাষ্য, ওই সময় উপজেলা প্রকৌশলীর বাসায় মালবিকা দেবনাথকে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে তাঁকে প্রথমে মতলব উত্তর ও পরে কুমিল্লার হোমনায় বদলি করা হয় এবং উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। ব্যক্তিগত বা সম্পর্কসংক্রান্ত আলোচনার পরিবর্তে সংশ্লিষ্ট দাপ্তরিক অভিযোগ, বদলির আদেশ এবং তদন্তের নথি যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করাই জরুরি।
রামপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণেও অনিয়মের অভিযোগ : হাজীগঞ্জ এলজিইডির আরেক উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধেও রামপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজে ডিজাইন ও স্পেসিফিকেশন অনুসরণ না করার অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে সেপটিক ট্যাংক, গ্রিল, ক্লেডিং ব্রিকস, বাউন্ডারি ওয়াল ও ড্রেন নির্মাণে নির্ধারিত নকশা এবং মান অনুসরণ না করা।
এসব অভিযোগের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই দপ্তরে একাধিক প্রকল্প ও কর্মকর্তাকে ঘিরে এমন অভিযোগ ওঠার পর পুরো উপজেলা কার্যালয়ের প্রকল্প তদারকি এবং অভ্যন্তরীণ জবাবদিহি ব্যবস্থা খতিয়ে দেখার দাবি আরও জোরালো হয়েছে।
তিন জেলার অভিযোগ, তবু জবাবদিহি নিশ্চিত হয়নি কেন ? লক্ষ্মীপুর, নোয়াখালী ও হাজীগঞ্জ—তিনটি কর্মস্থলে কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অসম্পূর্ণ কাজের বিপরীতে বিল পরিশোধ, প্রকল্প তদারকিতে অবহেলা ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে মালবিকা দেবনাথকে ঘিরেও কমিশন বাণিজ্য ও দাপ্তরিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এখন প্রশ্ন, এসব অভিযোগের পর এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে? লক্ষ্মীপুরের প্রায় ২০ লাখ টাকার অসম্পূর্ণ কাজের অভিযোগ, কোম্পানীগঞ্জের ৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলনের ঘটনা এবং হাজীগঞ্জে ৩ শতাংশ কমিশনের অভিযোগ—সবকিছুর নথিভিত্তিক অনুসন্ধান হয়েছে কি ?
অভিযোগগুলো সত্য হলে তা সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের উদাহরণ হয়ে থাকবে। আর অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও নথির মাধ্যমে তা পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু কোনো পক্ষকেই তদন্তের বাইরে রেখে কেবল অভিযোগ-অস্বীকারের মধ্যে বিষয়টি আটকে রাখা গ্রহণযোগ্য হতে পারে না।
এলজিআরডি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি : হাজীগঞ্জ এলজিইডির কথিত কমিশন বাণিজ্য ও পূর্ববর্তী কর্মস্থলের আর্থিক অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ঠিকাদার ও এলাকাবাসী।
তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন— কাজী কামরুল ইসলাম ও মালবিকা দেবনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে এলজিইডির স্থানীয় প্রভাবমুক্ত স্বাধীন তদন্ত কমিটি গঠন। হাজীগঞ্জের চলমান ও সম্প্রতি সমাপ্ত প্রকল্পগুলোর সরেজমিন পরিদর্শন এবং কার্যাদেশের সঙ্গে বাস্তব কাজের তুলনামূলক মূল্যায়ন। সংশ্লিষ্ট প্রকল্পের এমবি বই, বিল-ভাউচার, চূড়ান্ত বিল, কার্যাদেশ, কার্যসম্পাদন সনদ এবং অনুমোদনকারী কর্মকর্তাদের স্বাক্ষর যাচাই। ৩ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট ঠিকাদারদের বক্তব্য, আর্থিক লেনদেন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই। লক্ষ্মীপুরের রশিদপুর-কামলাপুর সড়ক প্রকল্পের ৯৩ লাখ ৮৩ হাজার ৩৪৯ টাকা পরিশোধ এবং প্রায় ২০ লাখ টাকার কাজ অসম্পূর্ণ থাকার অভিযোগ পুনঃতদন্ত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত ভবন সংস্কারের নামে ৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পরীক্ষা। হাজীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণে ৮০ লাখ টাকা অগ্রিম বিলের অভিযোগের আর্থিক ও কারিগরি নিরীক্ষা।
তদন্ত চলাকালে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ এবং প্রয়োজন মনে করলে বিধি অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের প্রকল্পের আর্থিক অনুমোদন ও তদারকির দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা। এবং তদন্তে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি পাঠানো।
অভিযুক্তদের বক্তব্য : অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি সরেজমিনে গিয়ে এলজিইডির কাজ পরিদর্শন করেন এবং কোনো ভুলত্রুটি থাকলে সংশোধন করে নেন। উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণে ৮০ লাখ টাকা অগ্রিম বিল পরিশোধের অভিযোগ তিনি অস্বীকার করেন।
নোয়াখালীর প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমি কোনো সদুত্তর দিতে পারব না। এটি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী ভালো বলতে পারবেন।” উন্নয়ন প্রকল্প থেকে শতাংশ হারে টাকা নেওয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি সাইটে আছি, পরে কথা বলব।” এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
শেষ কথা : সরকারি উন্নয়ন প্রকল্প জনগণের অর্থে বাস্তবায়িত হয়। সেই অর্থ যদি কমিশন, ভুয়া এমবি, অসম্পূর্ণ কাজের বিল কিংবা নিম্নমানের নির্মাণের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার দায় এড়ানোর সুযোগ নেই। হাজীগঞ্জের ঠিকাদার ও সাধারণ মানুষের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।
এলজিআরডি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব কি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন, নাকি তিন জেলার অভিযোগও অন্যান্য অভিযোগের মতো ফাইলবন্দি হয়ে থাকবে—সেই প্রশ্নের উত্তর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই প্রত্যাশা করছে সচেতন মহল।
