
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ২৯ জানুয়ারি , আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নির্বাচনী প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী দায়িত্ব বণ্টন শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে মানিকগঞ্জ-২ আসনের নির্বাচনী প্রচারণা ও নির্বাচন কার্যক্রমে সহায়তার দায়িত্ব প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইনকে।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যুকৃত চিঠিতে উল্লেখ করা হয়, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনায় সহায়তা করার লক্ষ্যে আপনাকে মানিকগঞ্জ-২ আসনে দায়িত্ব প্রদান করা হলো।”

চিঠিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নেতার সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার ওপর পূর্ণ আস্থা রেখে কেন্দ্রীয় ফোরাম আশা প্রকাশ করেছে যে, তিনি অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করবেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: জিয়াউর রহমান।
চিঠির শীর্ষে ছিল দলীয় ঐতিহ্যবাহী স্লোগান— “বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হউক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে বিএনপিপন্থী আইনজীবীদের সাংগঠনিক শক্তিকে নির্বাচনী মাঠে কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তুতি স্পষ্ট হয়ে উঠেছে।
মানিকগঞ্জ-২ আসনে আইনজীবী ফোরামের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে বলেও ধারণা করা হচ্ছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সাংগঠনিক তৎপরতা বিএনপির মাঠপর্যায়ের প্রস্তুতি যে আরও সুসংহত হচ্ছে—তা স্পষ্ট বার্তা দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
