
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলন করার কিছুক্ষণ পরই প্রতিপক্ষের হামলায় নাহিদা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ শেখ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত নাহিদা ওই গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাহিদার পরিবারের সাথে প্রতিবেশী আব্দুল কাদেরের বিরোধ চলছিল।

এই বিরোধের প্রতিকার চেয়ে আজ বিকেলে নাহিদা ও তার পরিবার একটি সংবাদ সম্মেলন করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলায় নাহিদা ও তার ছেলে মহিবুল্লাহ মারাত্মকভাবে জখম হন। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত নাহিদার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। অন্যদিকে, গুরুতর আহত মহিবুল্লাহ শেখকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
