
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের (সাবেক তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কর্মচারীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ -এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। এ সময় তারা দাপ্তরিক কাজ বর্জন করে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা তাদের ৭ দফা দাবি তুলে ধরে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে স্বল্প বেতনের কর্মচারীরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ সময় ধরে কেবল আশ্বাস দেওয়া হলেও নতুন পে-স্কেল বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

দুই ঘণ্টার এই কর্মবিরতির ফলে সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ সাময়িক ভোগান্তির শিকার হন। আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করা হবে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তারা।

