
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আজ রবিবার ৮ ফেব্রুয়ারি, দুপুর ১২: টা ৩০ মিনিটে সদর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী এম এইচ খান মঞ্জুর পক্ষ ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লা।

সংবাদ সম্মেলনে মেজর (অব.) অহিদুল হক মোল্লা বলেন, দলের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করতে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোপূর্বে তিনি স্বতন্ত্র বা অন্য কোনো বলয়ে সক্রিয় থাকলেও এখন থেকে পূর্ণ শক্তি নিয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। তিনি আরও উল্লেখ করেন যে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে দলের আদর্শ এবং ধানের শীষের প্রতীককে বিজয়ী করা এখন সময়ের দাবি। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সদর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারে।
সদর উপজেলা বিএনপি কার্যালয়ে এই ঘোষণার সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এম এইচ খান মঞ্জুর মতো একজন বহিষ্কৃত প্রার্থীর পক্ষ ত্যাগ করে জেলা বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী মূল স্রোতে ফিরে আসা সাধারণ কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে এবং ধানের শীষের অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লার এই অবস্থান পরিবর্তন গোপালগঞ্জ -২ আসনে নির্বাচনী ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিদ্রোহী বা বহিষ্কৃত প্রার্থীর বলয়ে থাকা একটি বড় অংশের ভোট এখন সরাসরি ধানের শীষের বাক্সে যোগ হবে, যা ডা. কে এম বাবরের জয়ের পথকে আরও সুগম করবে বলে ধারণা করা হচ্ছে।

