
নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা) : বাগেরহাটের শরণখোলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে খেলার মাঠ সংকুচিত হয়ে পড়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ঝুঁকির মুখে। নতুন ভবন নির্মাণ ও সীমানা প্রাচীরের কারণে অনেক প্রতিষ্ঠানে মাঠের বড় অংশ ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।

ফলে শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ হারিয়ে মোবাইল ফোন ও ঘরবন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। শরনখোলা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী জিহাদ হাওলাদার জানায়, আগে প্রতিদিন বিকেলে খেলাধুলা হলেও এখন মাঠের অভাবে সময় কাটে মোবাইলে।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইয়াসিন বলেন, খেলাধুলা কমে যাওয়ায় শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মনোযোগে প্রভাব পড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস প্রিয় গোপাল বলেন নিয়মিত শারীরিক পরিশ্রম না থাকায় শিশুদের মধ্যে স্থূলতা, দৃষ্টিশক্তি সমস্যা ও মানসিক চাপ বাড়ছে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ জানান, জমির সীমাবদ্ধতার কারণে আলাদা মাঠ রাখা কঠিন হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের সুস্থ বিকাশে মাঠ রক্ষা ও নতুন মাঠ তৈরির উদ্যোগ জরুরি।
