
নিজস্ব প্রতিনিধি (মাদারীপুর) : সাংবাদিকতার পেশাগত দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের প্রত্যয়ে রাজৈরে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত আলোচনা সভা , দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠান।

“সারাক্ষণ বার্তা পরিবার”-এর আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট গৌরাঙ্গ বসু, সম্পাদক, “সারাক্ষণ বার্তা”। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল মতিন খন্দকার, উপদেষ্টা, রাজৈর মডেল প্রেসক্লাব; কাজী নজরুল ইসলাম, সভাপতি, রাজৈর মডেল প্রেসক্লাব; শেখ মোঃ একরাম, সভাপতি, রাজৈর উপজেলা প্রেসক্লাব এবং এস এম ফেরদৌস হোসেন, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রাজৈর)। বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হয়। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও নৈতিক মানদণ্ড বজায় রাখাই হতে পারে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনজীব কুমার দাস, প্রকাশক, “সারাক্ষণ বার্তা”। সভাপতির বক্তব্যে তিনি আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন ফাইজুর রহমান মামুন, সভাপতি, রাজৈর রিপোর্টার্স ইউনিটি। দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক “সারাক্ষণ বার্তা পরিবার”-এর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পেশাগত সংহতি ও ইতিবাচক চর্চাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানটি রাজৈরের সাংবাদিক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
