
রুবেল রানা, সালথা (ফরিদপুর) : আওয়ামী সরকারের আমলের সকল সার ডিলার বাতিলসহ ৪ দফা দাবিতে ফরিদপুরের জেলার সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম –এর দৃষ্টি আকর্ষণ করা হয়।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে দাবিনামাসহ একটি স্মারকলিপি জমা দেন।

বক্তারা অভিযোগ করেন, একই পরিবারের একাধিক ব্যক্তি সার ডিলার লাইসেন্স ভোগ করছেন, যা সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা ২০২৫-এর পরিপন্থী।

এতে সাধারণ কৃষক ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকৃত নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তারা বলেন, আওয়ামী সরকারের আমলে ডিলারশিপ বণ্টনে অনিয়ম হয়েছে, যা সংশোধনে বিদ্যমান সব ডিলারশিপ বাতিল করে স্ব-ইউনিয়নের নাগরিকদের অগ্রাধিকার দিয়ে নতুন ডিলার নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ওবায়দুর রকমান, যুবদল নেতা হাফিজুর রহমান, খোকন মিয়া, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।
