
মোঃ আশরাফুল ইসলাম, (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কের মাথায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি কাভার্ড ভ্যান (চট্টগ্রাম মেট্রো-ড-১১-২৪১৫) দিনাজপুর থেকে গাঁজা নিয়ে চিরিরবন্দরের দিকে আসছে। এরপর পুলিশ মাদারগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিলে মাঝিনা এলাকায় সড়কের পাশে গাড়ি ফেলে রেখে সে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে তিনটি বস্তার মধ্যে ২০টি প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ৩ কেজি করে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম জানান, ঈদকে সামনে রেখে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, গাড়ির মালিকানা যাচাই করা হচ্ছে এবং প্রকৃত মাদক কারবারিদের শনাক্তে তদন্ত চলছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুন নবী জানান, উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
