
নিজস্ব প্রতিনিধি, (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) বিশেষ অভিযানে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভালুকা সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ করাতকল উচ্ছেদ এবং পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা এলাকায় বন বিভাগের দাবিকৃত জায়গায় বিনা অনুমতিতে মাটির উপরিস্তর কাটার অপরাধে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এছাড়া, কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ঋণখেলাপি প্রতিষ্ঠান অর্চিড জিওটেক্সটাইল-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি ৩০ থেকে ৪০ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করছে, যা আশপাশের বসতবাড়ি ও কৃষিজমির জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, এভাবে মাটি কাটার ফলে ভূমিধস ও স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
