
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। তার নেতৃত্বে গঠিত বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই গ্রীন চ্যানেলে অবস্থান নেয়।
দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আগত ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি চালিয়ে কাপড়ের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, অভিযানে শুধু মাদকই নয়, জব্দ করা হয়েছে আসামির ভারতীয় পাসপোর্ট (নম্বর: AK896800), একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়া সিমসহ একটি ওপ্পো (OPPO) স্মার্টফোন।


গ্রেফতার হওয়া মো. জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে পরে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।
ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক রুট ব্যবহার করে বাংলাদেশে মাদক প্রবেশের চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
