
নিজস্ব প্রতিবেদক : মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে রাজধানীতে অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ীতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি রেইডিং টিম।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৫১)। অভিযানে তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, নগদ ৬০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে কোতয়ালী সার্কেলের রেইডিং টিম সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেস লিমিটেডের (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬৩) বাসে তল্লাশি চালায়।

অভিযানের একপর্যায়ে বাসটির D9 নম্বর সিটে বসা জাহিদুল ইসলামের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ফেনসিডিল।
ডিএনসির অভিযানে উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ছিল ESKUF-এর ৭৪ বোতল এবং FAIRDYL-এর ২৬ বোতল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল, যার পরিমাণ ১০ লিটার।

এ ছাড়া তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা এবং একটি SYMPHONY বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত সব আলামতের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
রাজধানীতে বিভিন্ন পরিবহন ও গুরুত্বপূর্ণ এলাকায় মাদক পরিবহনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের সরবরাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করছে সংস্থাটি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
