
মোস্তাফিজুর রহমান, (জামালপুর) : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ অনেকে।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের দক্ষতা উন্নয়ন এবং মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
