প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ যৌথ প্রশিক্ষণ, সামরিক সহযোগিতা ও সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।


বিজ্ঞাপন

বৈঠকে সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময় এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনারের এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (তথ্য সুত্র ও ছবি আই. এস.পি.আর.)

👁️ 91 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *