
সাদ্দাম হোসেন সাজ্জাদ, (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
এ সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তায় থাকা মোট ৩৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইউরিয়া সার, তিনটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
