
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের গোপদ এলাকায় একটি অটো রাইস মিলে চুরি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পালিয়েছে একটি চোরচক্র।

এ সময় চক্রের সদস্যরা মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার ও তামার তার কেটে ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর চোরেরা কাটা তার ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে গোপদ এলাকার মেসার্স জনতা অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। মিল কর্তৃপক্ষের ভাষ্য, চোরচক্রটি রাত ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে।

এ সময় তারা মিলের নাইটগার্ডদের জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। পরে মিলের বিভিন্ন কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ও মূল্যবান তামার তার কেটে ফেলে।

মিলের ম্যানেজার মেহেদী জানান, চোরেরা প্রথমে দায়িত্বে থাকা নাইটগার্ডদের একটি কক্ষে আটকে রাখে। পরে তাকেও আটক করে মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা মিলের বৈদ্যুতিক লাইনের গুরুত্বপূর্ণ তারগুলো কেটে ফেলে এবং বিভিন্ন স্থানে তছনছ করে।
মিলের মালিক সাদিকুল ইসলাম আমিন বলেন, চোরচক্র তাঁর মিলের বিদ্যুৎ লাইনের গুরুত্বপূর্ণ তার কেটে দিয়েছে। এতে মিলের প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার তার ও অন্যান্য সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে মধুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চোরচক্রটি কাটা তার ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়। পরে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি এ কে এম ফজলুল হক বলেন, ‘মিল কর্তৃপক্ষ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের উপস্থিতির পর চোরচক্র পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানা গেছে।
