
মোঃ আব্দুল্লাহ আল মামুন, (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হাফসা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আর দুজন আহত হয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর থেকে মাঝারদিয়া সড়কে কাগদী বাজারের কাছে মোড়ে দুর্ঘটনার এই ঘটনা ঘটে। নিহত হাফসা পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে এবং সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, নগরকান্দা উপজেলার স্কুল শিক্ষক আনিস মোল্যার তিন মেয়ের মধ্যে হাফসা আক্তার সবার ছোট। গত বৃহস্পতিবার সে তার মামার সাথে নানা বাড়ি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় যায়।

রবিবার তার মা চামেলি বেগম নানা বাড়ি গিয়ে তাকে সাথে নিয়ে দুপুরের পর ইজিবাইক যোগে নগরকান্দা ফিরছিলো। তাদের বহনকারী ইজিবাইক কাগদী বাজারের মোড় এলাকায় পৌছলে সামনে থেকে দ্রতগামী ট্রাক তাদের গাড়িতে সামনে থেকে ধাক্কা দেয়।

এসময় তাদের বহনকারী ইজিবাইকটি রাস্তার পাশে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ছোট্ট হাফসা গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় হাফসার মা ও ইজিবাইক চালক আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
