বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান বিমান বাহিনীর ‘ব্লু স্কাই’ স্কুলে শিক্ষা ও থেরাপি কার্যক্রম পরিদর্শন, বাফওয়ার উদ্যোগের প্রশংসা

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

বিশেষ প্রতিবেদক  : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে পরিচালিত বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।


বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত ‘ব্লু স্কাই’ স্কুলে গিয়ে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের থেরাপি এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

ডা. জুবাইদা রহমান স্কুল প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC)-এর সভাপতি সালেহা খান। এ সময় ‘ব্লু স্কাই’ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সরেজমিনে হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ প্রধান অতিথিকে স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

২০২১ সালে প্রতিষ্ঠা, মূলধারায় যুক্ত বহু শিক্ষার্থী৷ :  বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সেবার পাশাপাশি তাদের সামাজিক ও কর্মমুখী দক্ষতা বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

স্কুলটিতে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার/ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। ২০২১ সাল থেকে অদ্যাবধি এ কার্যক্রমের মাধ্যমে বহু সংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে।

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতেও কারিগরি শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে কিছু সংখ্যক শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

বাফওয়া কর্নারে নারীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম :  ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনের পর ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমের অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন।

এ সময় তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।

পরিদর্শনকালে তিনি ‘ব্লু স্কাই’ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাফওয়া গৃহীত বিভিন্ন উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীবৃন্দসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (তথ্য সুত্র ও ছবি আই এস পি আর)

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *