
নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের কার্যক্রমেও অংশ নেবেন। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
চার দিনের এই সরকারি সফরে এশিয়ান গেমসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। (তথ্য সুত্র ও ছবি আই এস পি আর)

