
আরমান হোসেন রাজু, (রংপুর)৷ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সায়েদ (৫০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রখানা-বালাটাড়ি এলাকা থেকে তাকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয় এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সায়েদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে অত্যন্ত সুকৌশলে সংরক্ষিত ৩টি প্যাকেটে রাখা সর্বমোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক সায়েদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আইনগত প্রক্রিয়া শেষ করে শনিবার দুপুরেই তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, অঞ্চলটিকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই ধরনের কঠোর ও অলআউট অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
