
আরমান হোসেন রাজু (রংপুর) : রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাঁপাবাড়ী-গুর্জিপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শিশুটির মা বিলকিস বেগম গুর্জিপাড়া বাজারে কাজ শেষ করে বাড়িতে ফেরেন। ঘরে ফিরে মেয়েকে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি ইউক্যালিপটাস বাগানের কাছে অভিযুক্ত নুরুল ইসলামকে দেখতে পান তিনি।

বাড়িতে ফিরে বিলকিস বেগম তার শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা খোলার পর শিশুটি অঝোরে কান্নাকাটি করতে থাকে। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হলে শিশুটি তার সাথে ঘটে যাওয়া পুরো বিষয়টি খুলে বলে।

ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেন।
এ ঘটনায় ২১ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুর মা বিলকিস বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৩)।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং দায়েরকৃত মামলায় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
