
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াল ইউআইইউ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে গত ১৪ – ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়াল রোবোটিক্স টিম। তাদের অনবদ্য পারফরম্যান্স বিশ্বের শীর্ষস্থানীয়
বিশ্ববিদ্যালয়গুলোর এরিয়াল রোবোটিক্স দলগুলো থেকে সাফল্য এনে দেয়। উল্লেখ যে, এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নিয়েছে। ২০০৩ সাল থেকে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এসইউএএস প্রতিযোগিতায় এবারের আসরে ৮১টি দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ায় ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউ’র ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতায় সফলভাবে মিশন সম্পন্ন করে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন – ইউআইইউ’র শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ।

এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি আরও বলেন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউ’র প্রচেষ্টা এবং সব ধরনের সহযোগীতা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)-এর মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম বলেন- ইউএআরটির বিশ্বে ৪র্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল। একই সঙ্গে এই অর্জন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি ইউআইইউ’র ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
এছাড়াও বলেন – এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে ইউআইইউ’র শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধান, দলগত নেতৃত্ব ও উন্নত প্রযুক্তি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
সর্বশেষে, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য তিনি ইউআইইউ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএআরটির এই সাফল্য আন্তর্জাতিক রোবোটিক্স ও প্রযুক্তি প্রতিযোগিতায় ইউআইইউ’র ধারাবাহিক অর্জনের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।
গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত প্রযুক্তিগত উদ্যোগে ইউআইইউ’র ধারাবাহিক বিনিয়োগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানে কার্যকর প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ করে দিচ্ছে।
এই ঐতিহাসিক অর্জন আবারও প্রমাণ করে-দূরদর্শী নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষক-পরামর্শকদের দিকনির্দেশনা, মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহযোগিতা একত্রিত হলে বাংলাদেশের সম্ভাবনা বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
ইউআইইউয়ের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে, উদ্ভাবনের পথে এগিয়ে যেতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউ’র শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
