
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গোপালগঞ্জ প্রেসক্লাবে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের মধ্য দিয়ে এক প্রীতিময় পরিবেশের সৃষ্টি হয়।
কালবেলা পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক ওয়াসিফুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব শরিফুল ইসলাম, যুগ কথা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, দৈনিক বাংলার জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক ভোরের কথা পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুর রশিদ চৌধুরী, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি বেগ সেলিম, মাই টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রায়হান মুন্সি।

এ ছাড়া দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, কাশিয়ানী প্রতিনিধি মো. মিল্টন ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মো. মাসুদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বক্তারা বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। মানুষের অধিকার, এলাকার সমস্যা, উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তথ্য যাচাই ও পেশাগত সততা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই গণমাধ্যম সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে।”
তারা আরও উল্লেখ করেন, জেলা ও মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য অত্যন্ত জরুরি। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসংগতি দূর করে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করাই সাংবাদিকতার আসল লক্ষ্য।
আলোচনা সভা শেষে সাংবাদিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক কালবেলার এ আয়োজন জেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত গুণীজনেরা। সত্য প্রকাশ, জনস্বার্থ রক্ষা এবং দেশ গঠনে কালবেলার নিরবচ্ছিন্ন যাত্রা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে দিনটির সকল কর্মসূচির সমাপ্তি ঘটে।
