
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর কর্মস্থলে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গোপালগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে একজন সিনিয়র আইনজীবীর ওপর বহিরাগতদের হামলা পুরো আইনজীবী সমাজের নিরাপত্তা ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী।
অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনজীবীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জুলকদর রহমান, অ্যাডভোকেট নাসির আহমেদসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
সমাবেশে জেলার বিভিন্ন আদালতের আইনজীবীরা অংশগ্রহণ করেন এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
