# ফাইল আটকে ১৫–৩০ শতাংশ কমিশন দাবি # ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ # ঢাকায় একাধিক বাড়ি-ফ্ল্যাটের মালিকানা নিয়েও প্রশ্ন # নিরপেক্ষ তদন্তের দাবি #

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম-পরিচালক শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ, প্রকল্পের ফাইল আটকে রেখে কমিশন দাবি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট একাধিক ঠিকাদার ও দাপ্তরিক সূত্রের দাবি, চাঁদপুর নদীবন্দরে দায়িত্ব পালনকালে প্রকল্পের বিল ছাড় ও দাপ্তরিক অনুমোদনের বিনিময়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করতেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত হারে কথিত কমিশন দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ঠিকাদারদের ফাইল দিনের পর দিন আটকে রাখা হতো।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, কর্মস্থল পরিবর্তন হলেও কমিশন-বাণিজ্যের ধরন পরিবর্তন হয়নি। বর্তমানে খুলনায় যুগ্ম-পরিচালক (নৌ-সংরক্ষণ) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর অধীন প্রকল্পগুলোতেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ শুধু ব্যক্তিগত অনিয়মের প্রশ্ন নয়, বরং বিআইডব্লিউটিএর প্রকল্প ব্যবস্থাপনা, ঠিকাদারি কার্যক্রমের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় অর্থের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

চাঁদপুরে ১৫–৩০ শতাংশ কমিশনের অভিযোগ :
বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্রে শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার নাম ও যুগ্ম-পরিচালক পদবিসহ চাঁদপুরে দায়িত্ব পালনের তথ্য রয়েছে। তবে তাঁর ওই সময়ের দায়িত্ব পালনকে কেন্দ্র করে একাধিক ঠিকাদার যে অভিযোগ তুলেছেন, তা এখন তদন্তের দাবি রাখে।

বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদারের অভিযোগ, চাঁদপুরে কর্মরত থাকাকালে বিভিন্ন নৌ-সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নমূলক কাজের দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং চূড়ান্ত বিল অনুমোদনের ক্ষেত্রে মাহফুজ মোল্লা একক প্রভাব বিস্তার করতেন। তাঁদের দাবি, দাপ্তরিক স্বাক্ষর, ফাইল ছাড় এবং বিল অনুমোদনের বিনিময়ে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অর্থ দাবি করা হতো।
অভিযোগকারীদের ভাষ্য, কথিত কমিশন দিতে রাজি না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের ফাইল আটকে রাখা, কাজের মান নিয়ে আপত্তি তোলা কিংবা বিল অনুমোদন দীর্ঘায়িত করার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতো। ফলে সরকারি প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ঠিকাদারদের আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হতো। এখন প্রশ্ন উঠেছে, একজন যুগ্ম-পরিচালকের হাতে ঠিকাদারি কার্যক্রমের এতটা প্রভাব কীভাবে কেন্দ্রীভূত হলো? প্রকল্পের বিল ও ফাইল অনুমোদনের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক নজরদারি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
চাঁদপুর থেকে খুলনা—অভিযোগের ধারাবাহিকতা কতটা সত্য ? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, খুলনায় যুগ্ম-পরিচালক (নৌ-সংরক্ষণ) হিসেবে দায়িত্ব গ্রহণের পরও তাঁর অধীন প্রকল্পগুলোতে একই ধরনের কৌশল প্রয়োগের অভিযোগ রয়েছে। কর্মস্থল পরিবর্তনের পরও যদি একই অভিযোগ অব্যাহত থাকে, তাহলে সেটি নিছক ব্যক্তিগত বিরোধের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; বরং সংশ্লিষ্ট প্রকল্পের নথি, বিল, কার্যাদেশ ও আর্থিক লেনদেনের নিরপেক্ষ নিরীক্ষা প্রয়োজন। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট প্রকল্পের মূল নথি, ঠিকাদারদের বিল, পরিমাপ বই এবং অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করা জরুরি।
শতকোটি টাকার প্রকল্প, নজরদারি কতটা কার্যকর ?
বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের অধীনে দেশের বিভিন্ন স্থানে বড় বাজেটের একাধিক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে মজুচৌধুরী হাট লঞ্চঘাট নির্মাণসংক্রান্ত একটি পরিদর্শনে শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার উপস্থিতি ও বক্তব্যের তথ্য পাওয়া গেছে।
সেখানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চারটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা উঠে আসে। শতকোটি টাকার প্রকল্পে পরিকল্পনা থেকে বাস্তবায়ন, কাজের মান যাচাই, বিল অনুমোদন এবং ঠিকাদারি কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কমিশন দাবি ও ফাইল আটকে রাখার অভিযোগ ওঠায় প্রকল্পগুলোর আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন—এত বড় বাজেটের প্রকল্পগুলোর প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে কী ধরনের তদারকি ব্যবস্থা রয়েছে ?
একই বিভাগে দুদকের অভিযান, কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত :
বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের ঠিকাদারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর একই বিভাগের অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারি কাজের বিনিময়ে উৎকোচ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার ঘটনাও ঘটে। একই বিভাগের দুই কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান ও সাময়িক বরখাস্তের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রশ্ন হচ্ছে, একই বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারি কাজকে কেন্দ্র করে উৎকোচ ও কমিশন-বাণিজ্যের অভিযোগ উঠলেও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও জবাবদিহির ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে? আগের অভিযানের পর বিভাগটির ঠিকাদারি কার্যক্রমে কোনো বিশেষ নিরীক্ষা বা নজরদারি জোরদার করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
ঢাকায় একাধিক বাড়ি-ফ্ল্যাটের অভিযোগ সম্পদের উৎস কী ? শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার বিরুদ্ধে চাকরিজীবনে কথিত অনিয়ম ও কমিশন-বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগকারীদের দাবি, রাজধানী ঢাকায় তাঁর একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। একজন সরকারি কর্মকর্তার জ্ঞাত আয়ের সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে আয়কর নথি, ব্যাংক হিসাব, জমি ও ফ্ল্যাটের দলিল এবং সম্পদ বিবরণী পর্যালোচনার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা যেতে পারে।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ : বিআইডব্লিউটিএর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ঠিকাদারি কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি আর উপেক্ষা করার সুযোগ নেই। নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে সংশ্লিষ্ট মহলের দাবি, অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দ্রুত নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হোক।
বিশেষ করে নিম্নোক্ত বিষয়গুলো তদন্তের আওতায় আনার দাবি উঠেছে— চাঁদপুরে দায়িত্ব পালনকালীন নথি যাচাই : শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার অনুমোদিত সব ঠিকাদারি ফাইল, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ, কাজের পরিমাপ, চূড়ান্ত বিল এবং অর্থ পরিশোধের নথি নিরীক্ষা করা। খুলনার প্রকল্পগুলোর আর্থিক তদন্ত: খুলনায় দায়িত্ব গ্রহণের পর তাঁর অধীনে বাস্তবায়িত প্রকল্প, কার্যাদেশ, বিল অনুমোদন ও ঠিকাদারি লেনদেনের স্বচ্ছতা যাচাই করা। কমিশন দাবির অভিযোগ অনুসন্ধান: সংশ্লিষ্ট ঠিকাদারদের বক্তব্য, লিখিত অভিযোগ, আর্থিক লেনদেনের তথ্য এবং দাপ্তরিক যোগাযোগ পর্যালোচনা করে ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন দাবির অভিযোগের সত্যতা অনুসন্ধান করা।
সম্পদের উৎস অনুসন্ধান : তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক লেনদেন এবং আয়কর নথির সঙ্গে প্রকৃত সম্পদের সামঞ্জস্য পরীক্ষা করা। এবং প্রকল্পের গুণগত মান যাচাই: সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজের পরিমাপ, বাস্তব অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং বিলের পরিমাণ সরেজমিনে যাচাই করা।
তথ্য অধিকার আইনে নথি সংগ্রহের উদ্যোগ : জানা গেছে, অভিযোগগুলোর দালিলিক ভিত্তি অনুসন্ধানের পরবর্তী ধাপ হিসেবে তথ্য অধিকার আইনের আওতায় দুর্নীতি দমন কমিশন, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে পৃথক আবেদন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এসব আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বকালীন প্রকল্প, ঠিকাদারি কার্যাদেশ, বিল অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্তসংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বক্তব্য পাওয়া যায়নি : উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে সংবাদ প্রকাশের আগে শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। একাধিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে। এ ছাড়া বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানার প্রক্রিয়া চলমান রয়েছে।
এখনই নিরপেক্ষ তদন্ত জরুরি : সরকারি উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার বিরুদ্ধে কমিশন দাবি, ফাইল আটকে রাখা, ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ কিংবা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে তা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।
রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রকল্প কোনো কর্মকর্তা বা স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যক্তিগত আয়ের উৎস হতে পারে না। তাই চাঁদপুর থেকে খুলনা পর্যন্ত শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লার দায়িত্বকালীন ঠিকাদারি কার্যক্রম, প্রকল্পের বিল ও সম্পদের উৎস নিয়ে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা—অভিযোগগুলোকে প্রশাসনিক ফাইলবন্দি না রেখে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সরকারি অর্থের সুরক্ষা নিশ্চিত করা হবে।
