হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরাতন মামলা, ছয় কার্যদিবসে ২৬,৫৬০ মামলার জট কমল

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার জট কমাতে হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগে একদিনেই নিষ্পত্তি হয়েছে মোট ২,৪১১টি পুরাতন মামলা। বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রীট মোশন বেঞ্চসমূহে এ বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়।


বিজ্ঞাপন

এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চসমূহে মোট ১,৬৫৫ (এক হাজার ছয়শত পঞ্চান্ন) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রীট মোশন বেঞ্চসমূহে ৭৫৬ (সাতশত ছাপ্পান্ন) টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি করা হয়। ফলে একদিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ২,৪১১ (দুই হাজার চারশত এগারো) টি মামলা নিষ্পত্তির নজির স্থাপিত হয়েছে।

হাইকোর্ট বিভাগের চলমান বিশেষ উদ্যোগের আওতায় পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ছয় কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৯,৮৩৬ (উনিশ হাজার আটশত ছত্রিশ) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬,৭২৪ (ছয় হাজার সাতশত চব্বিশ) টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৬,৫৬০ (ছাব্বিশ হাজার পাঁচশত ষাট) টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে।


বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রীট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ০৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রীট মোশন বেঞ্চসমূহের মাননীয় বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলাকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিচারপ্রার্থীদের স্বার্থে পুরাতন মামলা নিষ্পত্তির এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *