
নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ০৪:৩০ ভোর — রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযানে ৮,০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, ধানমন্ডি সার্কেল পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাঙ্গামাটি থেকে ঢাকাগামী “সৌদীয়া সিল্কি পরিবহন” (চট্ট মেট্রো-ব-১১-১৯১৫) নামের একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়।
পরবর্তীতে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে উক্ত বাসটি তল্লাশির জন্য থামানো হয়। বিধি মোতাবেক যাত্রীদের তল্লাশি চালিয়ে বাসের ভেতর থেকে ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের আত্মীয়-স্বজন এবং দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজসে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য: ইয়াবা ট্যাবলেট: ৮,০০০ (আট হাজার) পিস
আটক ব্যক্তিদের তথ্য: কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) এবং চামিয়া চাকমা (২৯)।
আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
