বিএসটিআইর অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন, প্যাকেটে অবৈধ মানচিহ্ন  ! রাজশাহীর পবায় দুই বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআইর গুণগত মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি কার্যক্রম পরিচালনা এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহারের অভিযোগে দুইটি বেকারির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত অভিযানে নওহাটা এলাকার তাজ বেকারী এন্ড কনফেকশনারীতে একাধিক অনিয়ম ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইর গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করছে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের প্যাকেট ও মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের দ্বিতীয় পর্যায়ে বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীতে অভিযান চালিয়ে বিএসটিআইর গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথী-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।


বিজ্ঞাপন

বিএসটিআই জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে বিএসটিআইর অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *