কুড়িগ্রামে রাতভর অভিযান :  ২১৫০ কেজি অবৈধভাবে মজুত সার উদ্ধার, দুইজনের এক লাখ টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

আরমান হোসেন রাজু (রংপুর)  :  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন

এ সময় সার মজুতের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।


বিজ্ঞাপন

সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ইসলামপুর এলাকার বেলাল মিয়া ও মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের বাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলায় লুকিয়ে রাখা সার পাওয়া যায়।


বিজ্ঞাপন

পরে ৪২টি বস্তা থেকে মোট ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের মোট পরিমাণ ২ হাজার ১৫০ কেজি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলাল মিয়া ও মানিক উদ্দিনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধভাবে অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে কেউ যাতে কৃষকদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে।

তিনি বলেন, “সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানিয়েছেন, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

👁️ 136 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *