
রওশন বাবু (লালমনিরহাট) : দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের রাজনীতির জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি করবে, তাদের সমুচিত জবাব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বন্দুকের নল ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আর মেনে নেওয়া হবে না।
তরুণদের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা : তরুণ প্রজন্মের সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ ও সমাজও পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় সহযোগিতা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।

তিনি আরও বলেন, তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন
নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের মেধা ও সক্ষমতা দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন : প্রধানমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি ছিল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মণ্ডলহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন।
বৃহস্পতিবার দুপুরে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জানানো হয়, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল সৃষ্টি, জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সজীবউল্লাহ (সুজন মাহমুদ) এ তথ্য জানান। এরপর স্থানীয় পর্যায়ে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্মমন্ত্রী শামীম কায়সারসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে লালমনিরহাটে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে তিনি সরাসরি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান। সেখানে ক্যাম্পাস পরিদর্শন শেষে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে তিনি মহেন্দ্রনগরের মণ্ডলহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কর্মসূচি ছিল তাঁর। পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে লালমনিরহাটজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
