
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। দীর্ঘদিনের নজরদারি, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির নিখুঁত ব্যবহারে রাজধানী ও আশপাশের এলাকায় সক্রিয় একটি ইয়াবা ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে সংস্থাটি।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭ হাজার ৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেট কার।
ডিএনসি সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি, পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, উত্তরা সার্কেলের নেতৃত্বে একটি চৌকস দল পল্লবী থানাধীন মিরপুর-১২, ডিওএইচএস, রোড-১০, এভিনিউ-৩ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি প্রাইভেট কারের সামনের ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকানো টিস্যু কাপড়ের শপিং ব্যাগের ভেতর থেকে ৬,০০০ পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ গ্রেফতার করা হয় মোঃ রাজু মোল্লা (৩৮) পিতা: মোঃ রমজান আলী মোল্লা ঠিকানা: বাসা নং-২৫, রোড-০৬, সেক্টর-১৬, ব্লক-এ, থানা: তুরাগ, ডিএমপি, ঢাকা।

গ্রেফতারকৃত রাজু মোল্লাকে জিজ্ঞাসাবাদ, জব্দকৃত মোবাইল ফোন বিশ্লেষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অন্যতম সহযোগী মোঃ সুমন মিয়া, পিতা: আব্দুল লতিফ ঠিকানা: সেক্টর-১৮, রোড-৩, থানা: তুরাগ কে শনাক্ত করা হয়।
পরবর্তী অভিযানে তার কাছ থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়া রাজু মোল্লার দখলীয় ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তার স্ত্রী সানজিদা আখতার (২৮), পিতা: আব্দুল জলিল কে আটক করা হয়।
ডিএনসি’র অভিযানের সবচেয়ে বড় সাফল্য আসে টংগী এলাকায়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টংগীর শিলমুন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বড় ইয়াবার চালান উদ্ধার করা হয়। সেখানে থেকে জোৎস্না আখতার (৩০), পিতা: শামসুল আলম, ঠিকানা: মতিন আয়শা হাউজ, বাড়ি নং-১১৫/এ, থানা: টংগী কে ৪৭,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিএনসি।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো উত্তর কার্যালয় জানিয়েছে— মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে, এবং রাজধানীকে মাদকমুক্ত রাখতে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
