
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

একপর্যায়ে ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, তাকে হাসপাতালে আনলে পরিক্ষা নিরিক্ষা করে দেখি অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতে মৃত্যুর লক্ষণ পাওয়া গেছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।(শিমুল বাউল )
