
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ ধুরাল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদনে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী জলাশয় সংস্কারের মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

ধুরাল খাল খননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং স্থানীয় কৃষকরা এর সুফল পাবেন। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে প্রাকৃতিক সম্পদ রক্ষায় এই কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০১, গোপালগঞ্জ-০২ এবং গোপালগঞ্জ-০৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বসাধারণ।
দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুরাল খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে ভুগছিলেন স্থানীয় কৃষকরা।
এই প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ খনন কাজ সশরীরে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
