
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : বিনম্র শ্রদ্ধা আর গভীর কৃতজ্ঞতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। একই সময়ে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ০৬:০০ ঘটিকায় শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ০৮:০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে কৃতি অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০:৩০ ঘটিকায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন ‘৭১ এর বধ্যভূমি’তে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সকাল ১০:৪৫ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জোহরের নামাজের পর গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদ, জেলা মডেল মসজিদসহ জেলার সকল মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন সুবিধাজনক সময়ে জেলার সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু বিকাশ কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

শিশুদের জন্য দিনটি ছিল উৎসবমুখর। বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া জেলার সকল সরকারি ও বেসরকারি শিশু পার্কগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন মিলনায়তন ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিনের পড়ন্ত বিকেলে বিনোদনের অংশ হিসেবে বিকাল ০৩:৩০ ঘটিকায় জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে নিয়মিত খেলোয়াড় দল বনাম মুক্তিযোদ্ধা সংসদ ও অন্যান্য খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। গভীর দেশপ্রেম এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে এ বছরের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।
