
মো: হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ‘চকিমুড়া খাল’ খনন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। খালটির ছয় কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে সাড়ে তিন কিলোমিটার খনন করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় মনিয়ন্দ ইউনিয়নের চকিমুড়া খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়।
টনকী গ্রামের মাষ্টারপাড়া সেতু সংলগ্ন এলাকা থেকে খনন কর্মসূচি শুরু হয়েছে। এ সময় ইউএনও ছাড়াও জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. শাহিনুজ্জামান, মনিয়ন্দ উনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী দীপক, শেখ আমজাদ হোসেন বাবু, মো. মামুন আহমেদ, রফিকুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় চকিমুড়া খালটির মোট দৈর্ঘ্য ছয়টি কিলোমিটার।

এর মধ্যে সেতুর এক প্রান্তে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় প্র্রথমে কাজ করা হবে। প্রকল্পে ৩৫৭ জন শ্রমিক নিয়োজিত থাকবেন এবং এর জন্য ৭৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মোঃ হাবিবুর রহমান /৯/৪/২০২৬//০১৭৩১৫৭০৫২৩
