
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা ধ্বংস করে মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। আইন অমান্য করে কেউ যদি কারেন্ট জাল ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে।
