
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে নেওয়াজ আহমেদ (২৩) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল রোববার বিকেলে মুকসুদপুর সদর বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু কর্মী গোপনে জড়ো হয়ে স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নেওয়াজকে মিছিলে দেখা যায়। এর পরদিন পুলিশ তাকে আটক করে।

তবে নেওয়াজের পরিবার ও আইনজীবীদের দাবি ভিন্ন। তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার রাতে তিনি কোনো বিশৃঙ্খলা করেননি। বাজার থেকে তাকে শান্ত অবস্থায় আটক করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নেওয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, নেওয়াজ কোনো অপরাধ বা নাশকতার সাথে যুক্ত ছিলেন না। শুধু স্লোগানের অভিযোগে গুরুতর ‘সন্ত্রাসবিরোধী আইন’ দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন। তারা আশা করেন, সুষ্ঠু তদন্তে নেওয়াজ নির্দোষ প্রমাণিত হবেন এবং দ্রুত জামিন পাবেন।
ছাত্রলীগ নেতা নেওয়াজ আহমেদ উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মুক্তার শেখের ছেলে। তিনি ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী। ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
